লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর স্থগিত করা হয়েছে। শুক্রবার সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত আলোচনা আপাতত হচ্ছে না। তবে আলোচনা প্রস্তুতির কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এ আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা সহজ ছিল না। পরিকল্পনা চূড়ান্ত হলে মার্কিন প্রতিনিধিদল রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার কারণে তেহরান প্রতিনিধিদল পাঠানো স্থগিত রেখেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তার প্রয়োজন থাকলে দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না।
ফ্রান্সে ভার্চুয়ালি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে।