রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু
স্বাস্থ্য

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে ইআইবি’র সহযোগিতা

ইআইবি’র সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে ইআইবি’র সহযোগিতা

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার লুক্সেমবার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার। ইআইবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা থুরাইয়া ত্রিকি। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুল রহিম সাকি ঢাকা থেকে অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন।

বৈঠকে বাংলাদেশে জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সারের বোঝা মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার জন্য ইআইবি’র বিদ্যমান একটি ঋণ পুনর্বিন্যাসের বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়।

এই উদ্যোগের মাধ্যমে নারী, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠকে স্বাস্থ্য প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ইআইবি’র সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এছাড়া, স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। নিরাপদ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণে ইআইবি’র সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, "বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার লক্ষ্যে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।"

বৈঠকে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের চিফ অব স্টাফ এবং বাংলাদেশে ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নারীস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হয়।

বিজ্ঞাপন