সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং শামসুদ্দীন হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন প্রায় ২৮৪ জন রোগী রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ৯৪ জন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন চিকিৎসাধীন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন রোগীও চিকিৎসা নিচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় একজন রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়েছেন এবং একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।