গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথই অনুসরণ করছে ‘আমার দেশ’ পত্রিকা। তিনি আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, "জামায়াত-শিবিরের বিরুদ্ধে বলার কারণে মাহমুদুর রহমান ভাইয়ের মজলুম ‘আমার দেশ’ পত্রিকা আমার উপর নিষেধাজ্ঞা জারি করেছে! এই পত্রিকাকে সত্যিই আমি আমার পত্রিকা মনে করতাম। কিন্তু এখন মনে হচ্ছে এটা একটা গোষ্ঠীর পত্রিকা হয়ে গেছে, আর আমাদের পত্রিকা নাই!"
তিনি আরও জানান, শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন পত্রিকায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল। রাশেদ খান বলেন, "মজলুম হলেও ঠিক শেখ হাসিনার দেখানো পথকেই অনুসরণ করলো ‘আমার দেশ’ পত্রিকা!"
রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, "আমার আরেকটা বড় অপরাধ ছিলো, মাহমুদ ভাইয়ের ‘আমার দেশ’ পত্রিকার জন্য আওয়ামী লীগের একজন বড় ব্যবসায়ী থেকে স্পন্সর নেওয়া হয়। এই বিষয়টি জানার পরে, আমি এটা নিয়ে সরাসরি মাহমুদ ভাইকে বলেছিলাম।"
তিনি বলেন, "একজন আওয়ামী আধিপত্যবাদবিরোধী মজলুম মানুষ তার পত্রিকা চালানোর জন্য আওয়ামী ব্যবসায়ী থেকে স্পন্সর নেবে, এটা আমার মানতে কষ্ট হচ্ছিলো।"
রাশেদ খান শেষ পর্যন্ত লেখেন, "সত্যি বলতে, আমি মাহমুদুর রহমান ভাইকে সবসময় সাচ্চা দেশপ্রেমিক হিসেবেই জানতাম। কিন্তু তার মজলুম পত্রিকা এভাবে একপেশে হয়ে যাবে, এটা আমার কল্পনায় ছিলো না! সত্যিই দুঃখ লাগে মাহমুদুর রহমান ভাই ও তার ‘আমার দেশ’ পত্রিকার জন্য। এটি বাংলাদেশের সেরা পত্রিকা হওয়ার সুযোগ ছিলো। কিন্তু..."