চেলসি ছেড়ে ৫১.৮ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। বর্তমানে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেন দলের সঙ্গে রয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। টুর্নামেন্ট শেষ হলেই তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পথ খুলে যাবে।
জানা গেছে, প্রাথমিকভাবে ৪ কোটি ৭৫ লাখ পাউন্ডের বিনিময়ে চুক্তিটি সম্পন্ন হয়েছে, যার সঙ্গে আরও ৪৩ লাখ পাউন্ডের বিভিন্ন শর্তসাপেক্ষ বোনাস যুক্ত রয়েছে। ২০২২ সালে, ব্রাইটন থেকে ৬ কোটি ৩০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দেন কুকুরেয়া।
বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার দীর্ঘদিন ধরেই স্পেনে ফেরার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। এর আগে, তাকে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনায় ফেরার গুঞ্জনের সঙ্গেও জড়ানো হয়েছিল।
চেলসিতে শেষ মৌসুমে নানা অস্থিরতার মধ্য দিয়ে সময় কাটান কুকুরেয়া। গত মার্চে, আন্তর্জাতিক বিরতির সময় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্লাবের নীতিনির্ধারকদের সমালোচনাও করেছিলেন।
কুকুরেয়ার চুক্তির এখনও তিন বছর বাকি থাকলেও রিয়ালের প্রস্তাব গ্রহণ করেছে চেলসি। ধারণা করা হচ্ছে, স্পানিশ এই খেলোয়াড়ের স্পেনে ফেরার ইচ্ছা এবং ক্লাবের পুনর্গঠন পরিকল্পনাও এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
এদিকে, দলবদলের বাজারে আরও সক্রিয় রিয়াল মাদ্রিদ। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পুনর্নির্বাচিত হওয়ার পর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো। পাশাপাশি ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিস এবং লিভারপুল ছাড়তে যাওয়া ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতেকেও দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।