২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডেন। সোমবার (১৫ জুন) মেক্সিকোর মন্টেরেই শহরে অনুষ্ঠিত ম্যাচে তিউনিশিয়াকে ৫–১ গোলে পরাজিত করেছে গ্রাহাম পটারের দল।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে সুইডেনের অপরাজিত থাকার ধারা টানা পাঁচ ম্যাচে দাঁড়িয়েছে। যদিও বিশ্বকাপ কোয়ালিফিকেশনের মূল পর্বে তারা কোনো ম্যাচে জয় পায়নি, কিন্তু প্লে-অফের মাধ্যমে এবারের আসরে জায়গা করে নেয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডিশরা। ম্যাচের ৭ মিনিটে তিউনিশিয়ার গোলরক্ষক মোহিব চামাখের ভুল থেকে গোল করে সুইডেনের ইয়াসিন আয়ারি। ৩০ মিনিটে ভিক্টর গিওকেরেসের পাস থেকে আলেকজান্ডার ইসাক দ্বিতীয় গোলটি করেন।
বিরতির আগে তিউনিশিয়া কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। হামবিক মেজব্রির ক্রস থেকে ওমর রেকিক হেডে গোল করে ব্যবধান ২-১ করেন।
দ্বিতীয়ার্ধে তিউনিশিয়া কিছুটা চাপ সৃষ্টি করলেও ম্যাচে ফিরে আসতে পারেনি। ৬০ মিনিটে অধিনায়ক এলিয়েস স্কিরির ভুলের সুযোগ নিয়ে গিওকেরেস তৃতীয় গোলটি করেন।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১২ সেকেন্ডের মধ্যে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুত বদলি গোলের রেকর্ড গড়েন ম্যাটিয়াস সভানবার্গ। পরে আবারও আয়ারি গোল করে ৫–১ ব্যবধানে ম্যাচ শেষ করেন।
এই জয়ের ফলে গ্রুপে শক্ত অবস্থান তৈরি করলো সুইডেন। পরবর্তী ম্যাচে তাদের মোকাবিলা করতে হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। অন্যদিকে, তিউনিসিয়ার জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে, কারণ তারা পরবর্তী ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে।