মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর ম্যাচে মুখোমুখি হবে দু'দল।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এবারের আসরের প্রথম ম্যাচটি ২০১০ বিশ্বকাপের পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে, যেখানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো মুখোমুখি হয়েছিল। এবার মেক্সিকোর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেক্সিকো তাদের মাঠে খেলার সুবিধা নিয়ে জয়ের দিকে এগিয়ে রয়েছে। দলের গোলরক্ষক ওচোয়া ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করছেন এবং তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ। মেক্সিকোর রক্ষণভাগ শক্তিশালী, সর্বশেষ ৮ ম্যাচের ৬টিতে ক্লিনশিট রেখেছে তারা।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা কাউন্টার অ্যাটাকে পারদর্শী। বিশ্বকাপে তাদের শেষ ৯ ম্যাচে প্রতিটি ম্যাচেই গোলের দেখা মিলেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয় এবারের আসরের অফিশিয়াল থিম সং 'দাই দাই' পরিবেশন করবেন। অনুষ্ঠানে আরও থাকবেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা।
পরদিন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী আয়োজন, যেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা। শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর।