চাঁদপুরের কচুয়ায় টিফিন বিরতিতে লুকোচুরি খেলতে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হক।
দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিহত শিক্ষার্থীর নাম ইয়াছিন হোসেন তামিম, যিনি একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং বদুরপুর গ্রামের ছোলেমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিফিনের ছুটিতে তামিম তার সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের বিপরীত পাশে একটি নির্মাণাধীন ভবনে লুকোচুরি খেলতে যায়। খেলার এক পর্যায়ে ভবনের অসমাপ্ত দেয়ালের একটি অংশ ভেঙে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
সহপাঠীর চিৎকারে স্থানীয়রা ও শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার বলেন, 'নির্মাণাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ভবন মালিকের অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।'
এদিকে, টিফিনের সময় শিক্ষার্থীদের যথাযথ তদারকির অভাবের অভিযোগ তুলে বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।