বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা সঠিক সিদ্ধান্ত নয়। বৃহস্পতিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
ড. শফিকুর রহমান বলেন, "সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।" তিনি অভিযোগ করেন যে, এই ঘটনার পর সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে, যা ভুল সিদ্ধান্ত।
তিনি বলেন, "তদন্তের মাধ্যমে যদি কোনো অবহেলা বা অপরাধ চিহ্নিত হয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।" জামায়াত আমির আরও উল্লেখ করেন যে, হাসপাতালটি গরিবদের জন্য পরিচিত এবং মানসম্মত সেবা প্রদান করে জনগণের আস্থা অর্জন করেছে।
ড. শফিকুর রহমান বলেন, "এই হাসপাতালের লাইসেন্স বাতিলের ফলে জনগণের ক্ষতি হচ্ছে।" তিনি আরও জানান, হাসপাতালটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করছে এবং নার্সিং কোর্সও চালু রয়েছে।
তিনি বলেন, "শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। যদি কারও দোষ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত নয়।"