শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ফিলিস্তিনি শিশুদের হত্যার ঘটনায় ইউনিসেফের জবাবদিহিতার দাবি

ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনিসেফের জবাবদিহিতার দাবি।

ফিলিস্তিনি শিশুদের হত্যার ঘটনায় ইউনিসেফের জবাবদিহিতার দাবি

ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় জবাবদিহিতার দাবি জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বৃহস্পতিবার (১১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এডওয়ার্ড বিজবেডার এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলাগুলোতে শিশুদের প্রাণহানি গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, পশ্চিম তীরের হেবরন এলাকায় সাম্প্রতিক এক গুলিবর্ষণের ঘটনায় সাত মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গত সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত আট শিশুর মৃত্যু হয়েছে।

বিজবেডার বলেন, শিশুদের প্রাণহানি কখনোই স্বাভাবিক ঘটনা হতে পারে না এবং সহিংসতায় শিশুদের মৃত্যু বিশ্বব্যাপী ক্ষোভের কারণ হওয়া উচিত। তিনি জানান, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে শিশু ও তাদের পরিবারের সদস্যদের হত্যা ও আহত করা, জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং স্কুল, বাড়িঘর, পানি ও স্বাস্থ্যসেবা অবকাঠামোর ওপর হামলা শিশুদের মৌলিক অধিকারের প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ।

তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশু নিহত বা স্থায়ীভাবে আহত হওয়ার প্রতিটি ঘটনার স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও কার্যকর তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এদিকে, বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় জড়িত ইসরায়েলি সেনা সদস্য বা বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের যথাযথ তদন্তে ইসরায়েল দীর্ঘদিন ধরে ব্যর্থ হচ্ছে। এসব হামলার শিকারের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে বলে সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মানবাধিকারকর্মীরা দাবি করেছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব।

বিজ্ঞাপন