রাজধানীর মিরপুরের পল্লবীর এক ফ্ল্যাটে বৃদ্ধা নূরজাহান বেগমের নিঃসঙ্গ মৃত্যু সম্প্রতি সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তিনি সপ্তাহখানেক ধরে মেঝেতে পড়ে ছিলেন, কিন্তু তাঁর চার সন্তান, যারা উচ্চশিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত, কেউই তাঁর খোঁজ নেননি।
এই ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এবার এই ঘটনা উঠে এসেছে ব্যান্ড 'ওয়ারফেজ' এর ভোকালিস্ট পলাশ নূরের নতুন একক গানে। ৭ জুন তাঁর ইউটিউব চ্যানেলে 'প্রশ্ন' শিরোনামে গানটি প্রকাশিত হয়।
গানটির কথায় সমাজের অমানবিকতা তুলে ধরা হয়েছে, যেখানে একজন মা নিঃসঙ্গ মৃত্যুবরণ করেন। পলাশ বলেন, “এটা আপনি প্রতিবাদের গান বলতেই পারেন। তবে জানি, এতে হয়তো কোনো লাভ হবে না। তবুও আমার চেষ্টা থামবে না।”
তিনি আরও জানান, গানটি বর্তমান সময়ের কিছু ঘটনার প্রতিফলন, যা তাঁকে অস্থির করে রাখে। ঈদের ছুটিতে রংপুরে থাকাকালীন তিনি গানটি লিখেছেন এবং ছোটভাইদের অনুরোধে লাইভ করেছিলেন।
গানটির মাধ্যমে পলাশ তাঁর মনের সব আক্ষেপ এবং দুঃখ প্রকাশ করতে চান, যদিও তিনি জানেন, এটি হয়তো জনপ্রিয়তা পাবে না। তবে তিনি গান গেয়ে যাবেন, যতদিন সম্ভব।