বিএনপি সরকার প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার (১১ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন। এটি তার প্রথম বাজেট এবং বাংলাদেশের ৫৫তম বাজেট।
অর্থমন্ত্রী জানান, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে এনে আগামী অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং টেকসই উন্নয়নের ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে ১০টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, "দেশের অর্থনীতির মন্দার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতায় তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবেলার প্রত্যয়কে কেন্দ্রে রেখেই এবারের বাজেটে স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি।"
বাজেটে উল্লেখিত ১০টি প্রধান অগ্রাধিকার হলো:
- সুষম অংশগ্রহণ ও অংশীদারত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা।
- মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
- সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
- বিনিয়োগ নির্ভর, কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা।
- কৃষিকে উৎপাদন ও জাতীয় খাদ্য নিরাপত্তার খাত হিসেবে প্রতিষ্ঠা।
- সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ গড়ে তোলা।
- আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা।
- বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ।
- সুন্দর, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলা।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, এই পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।