অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সীমিত সম্পদের মধ্যে দেশের সকল মানুষদের স্বস্তি দিতে এবারের বাজেট তৈরি করছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের বাজেটে জাতির প্রত্যাশা অনেক বেশি এবং অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে পৌঁছায়, সে বিষয়টি গুরুত্ব পাবে। তিনি আরও জানান, সরকার ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
আজ বিকেলে, জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্যে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এটি নতুন সরকারের প্রথম বাজেট।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে।
অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আগামী অর্থবছরে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতির সম্মুখীন হতে হবে।
তিনি জানান, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ ধরা হচ্ছে।