ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালির দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে বাহরাইনের শেখ ঈসা এয়ার বেস এবং কুয়েতের আলি আল সালেম ও আহমাদ আল জাবের এয়ার বেসে ড্রোন হামলা হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানা হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই হামলাকে ইরানের আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে দক্ষিণাঞ্চলীয় কারগান শহরে বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন।
ইরান দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন ফিফথ ফ্লিট-এর ঘাঁটি, কুয়েতের বিমানঘাঁটি এবং জর্ডানের আজরাক ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সময়ে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং সিরিক, জাস্ক ও বান্দার আব্বাস বন্দরে হামলা চালিয়েছে।
ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তারা একটি চুক্তির জন্য দীর্ঘ সময় আলোচনা করেছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত।