ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের নতুন দিগন্তের সন্ধানে রয়েছে দুই দেশ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ৫ আগস্ট পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, তা থেকে বেরিয়ে আসতে চায় উভয় পক্ষ।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পুশইনের প্রসঙ্গে ভারত বাংলাদেশকে চাপে ফেলতে চায় বলে মনে করেন না। তিনি উল্লেখ করেন, ভারত সরকার বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পুশ ইন করছে না; বরং এটি তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটি প্রভাব।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে এ ধরনের বিষয় উল্লেখ ছিল, তবে আশা প্রকাশ করেন যে এটি শিগগিরই সমাধান হবে।
অপতথ্য ছড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকার এটি বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং এজন্য গ্রাউন্ড ওয়ার্ক চলছে। ভুয়া তথ্য প্রচারকারী এবং প্রতিষ্ঠিত টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে অপপ্রচার চালানো হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
এছাড়া, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কোনো সদস্য অংশ নিলে সরকারের সমস্যা নেই বলেও জানান তিনি। কারণ হিসেবে তিনি বলেন, এটি নির্দলীয় নির্বাচন এবং এখানে পদ-পদবি ব্যবহারের সুযোগ নেই।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, অনার্স (স্নাতক সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়গুলো থাকবে। তবে সব জায়গায় থাকবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন হবে।