২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত সোমালিয়ার রেফারি ওমর আরতান যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। তিনি ৬ জুন ইস্তাম্বুল থেকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষের দ্বারা অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখোমুখি হন। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
ফিফা নিশ্চিত করেছে যে, ওমর আরতান ছিলেন বিশ্বকাপে দায়িত্ব পাওয়া সোমালিয়ার একমাত্র রেফারি। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ার পর ফিফা তাকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার তালিকা থেকে সরিয়ে দিয়েছে। সিবিপি জানায়, সব ভ্রমণকারী, খেলোয়াড়, কোচ কিংবা কর্মকর্তা যেই হোন না কেন, তাদের জন্য একই ধরনের যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়।
অভিবাসন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রতিটি সিদ্ধান্ত আলাদাভাবে নেওয়া হয়। এদিকে, ওমর আরতান হতাশা প্রকাশ করে বলেন, পরিস্থিতি যেমনই হোক, তিনি ইতিবাচক আছেন এবং রেফারিং ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দিচ্ছেন। তিনি ফিফা ও আফ্রিকান ফুটবল কর্তৃপক্ষকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
ফিফা জানিয়েছে, স্বাগতিক দেশের অভিবাসন প্রক্রিয়া বা ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকা নেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন কঠোর অভিবাসন নীতির প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। যদিও বিশ্বকাপ উপলক্ষে বিদেশি দর্শনার্থীদের স্বাগত জানানোর বার্তা দেওয়া হচ্ছে, ওয়াশিংটন সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন যাচাই প্রক্রিয়ায় কঠোর অবস্থান বজায় রেখেছে।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন, যারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রশাসনের লক্ষ্য বিশ্বকাপ উপলক্ষে আগত দর্শনার্থীদের স্বাগত জানানো এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা।