লেবানন সীমান্তের কাছে এবং উত্তর ইসরায়েলে অবস্থানরত ইসরায়েলি সেনা ও তাদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। সোমবার (৮ জুন) সংগঠনটি এক বিবৃতিতে জানায়, লেবাননের মারকাবা শহরের অদূরে মার্জ নামক এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, আল-আদিসা শহরের দক্ষিণে জাল আল-হামমার এলাকায় অবস্থিত ইসরায়েলি সৈন্যদের ওপরও আঘাত হানা হয়েছে। এছাড়া, ডোভের ব্যারাকে থাকা ইসরায়েলি সেনাদের ওপরও হামলা চালানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার জন্য অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইফতাহ ব্যারাকে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর একটি আর্টিলারি অবস্থান এবং বিরকাত আল-মার্জের কাছে জড়ো হওয়া ইসরায়েলি সৈন্যদের ওপর সফলভাবে হামলা চালানো হয়েছে।
এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলার জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে বিভিন্ন শহর ও গ্রামে অবিরাম ও তীব্র বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।