এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘন করেছেন। এছাড়া ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং এক হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করেছেন।
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেপ্তার হন এক হাজার ১৮৪ জন। তাদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার এবং ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ২ শতাংশ অন্য দেশের নাগরিক।
এছাড়া, অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সৌদি আরব থেকে ৪ হাজার ৬৯০ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার করা হয়েছে।