মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন একটি এআই-নির্মিত মিউজিক ভিডিও শেয়ার করে। ভিডিওটিতে ট্রাম্পকে ঘিরে একাধিক অবাস্তব দৃশ্য দেখা যায়, যার মূল বার্তা হলো ‘ডোনাল্ড ট্রাম্পকে সবাই ভালোবাসে।’
৬ জুন ট্রুথ সোশালে পোস্ট করা এই ভিডিওটির মাধ্যমে ট্রাম্প সমালোচকদের নজরে এসেছেন। বিশেষ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ডি-ডে'র বার্ষিকীতে নিহত সেনাদের স্মরণ না করে নিজের প্রচারণায় ব্যস্ত থাকার কারণে তিনি সমালোচিত হচ্ছেন।
ভিডিওতে ট্রাম্প কখনো সিংহের পিঠে চড়ছেন, কখনো মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমের সঙ্গে খাবার খাচ্ছেন, আবার কখনো কল্পিত এক লড়াইয়ের নায়ক হিসেবে উপস্থিত হচ্ছেন। এই ভিডিওটি ছিল ট্রাম্পের অ্যাকাউন্টের একমাত্র পোস্ট কয়েক ঘণ্টা ধরে।
পরে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে কটাক্ষ করে একটি এআই-তৈরি ছবি শেয়ার করেন, যেখানে ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিকে জরাজীর্ণ ও আবর্জনায় ঘেরা দেখানো হয়।
এদিকে, ডি-ডে'র ৮২তম বার্ষিকীতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত বীর সেনাদের স্মরণে বার্তা দিয়েছেন। তবে ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট দেখা যায়নি।
হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিভাগ দিবসটি স্মরণ করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফ্রান্সে ডি-ডে অনুষ্ঠানে অংশ নেন।
ট্রাম্পের এই কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিনেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চেয়েছেন নিজেকে।