শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম: মোস্তফা সরয়ার ফারুকী

সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু মূল্যটা এত ভয়াবহ হবে ভাবিনি: মোস্তফা সরয়ার ফারুকী।

সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম: মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছাড়ার পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখনও আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বিভিন্ন মহলের সমালোচনা ও প্রচারণার জবাব দিয়েছেন।

ফারুকী বলেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়। এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে, ভাবিনি।’ তিনি মনে করেন, দায়িত্ব পালনের সময় তাকে নিয়ে যেভাবে সমালোচনা ও মিথ্যাচার হয়েছে, সেটিই প্রমাণ করে যে তিনি সঠিক কাজ করেছেন।

সমালোচনা প্রসঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘এমন অনেক মানুষ আমাকে নিয়ে মন্তব্য করছেন, যাদের নিয়ে কখনও ভাবার প্রয়োজন হয়নি। অতীতে তাদের নামও আমার আলোচনার বিষয় ছিল না।’

ফারুকী আরও বলেন, ‘এমনসব মানুষ আমাদের নিয়ে কথা বলছে, যাদের উত্তর দিলেও সম্মান থাকে না। তারা কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না। অথচ এখন সাংবাদিকরা ফোন করে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। এটাই হয়তো সেই কাফফারা।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি স্পষ্ট করেন যে, যেকোনো সংকটময় সময়েই তিনি মানুষের পক্ষেই ছিলেন। তিনি লেখেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষেই থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

বিজ্ঞাপন