পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির কাছে বিশেষ চিঠি পৌঁছাতে তেহরান সফর করেছেন।
তিনি জানান, এই চিঠিটি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পক্ষ থেকে প্রেরিত। সফরটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (৬ জুন) রাতে তেহরানে পৌঁছানোর পর নাকভি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
নাকভি বলেন, “আমি ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের পক্ষ থেকে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির জন্য একটি বিশেষ চিঠি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর একটি বার্তা পৌঁছাতে এসেছি।”
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই সফর করেন। চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করেছে।
পাকিস্তান গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
নাকভির মোমেনির সঙ্গে বৈঠকটি ছিল গত তিন দিনের মধ্যে তাদের তৃতীয় বৈঠক। এর আগে, তারা কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে আরও দুইবার সাক্ষাৎ করেন।