অধিকৃত পশ্চিম তীরের কাছে ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত এক সন্দেহভাজন বন্দুকধারীকে ‘হত্যা’ করা হয়েছে। পুলিশ এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা সূত্রে জানা যায়, ৩৫ বছর বয়সী এক ব্যক্তি গুলিতে মারা গেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এদিকে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড পশ্চিম তীরে অবৈধ বসতি তুজুর ইয়েজাকের বাসিন্দাদের ঘরের ভেতর থাকার নির্দেশনা দিয়েছে।
অপরদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরের কালকিলিয়া শহরের কাছে মধ্য ইসরায়েলের তিনটি পৃথক এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। হামাস এই বন্দুক হামলার প্রশংসা করলেও হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি একটি নিরাপত্তা মূল্যায়ন বৈঠক করেছেন এবং এই ‘প্রাণঘাতী বন্দুক হামলার’ ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।