কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্টোল পাম্পের নিকট পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরে স্থানীয় পুলিশ নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।