দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। ২২ ক্যারেটে সোনার প্রতি ভরির দাম ৫ হাজার ৪৮২ টাকা কমে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা হয়েছে। এই সমন্বয়টি বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমার প্রেক্ষিতে করা হয়েছে, জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম শনিবার সকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ২ জুন সোনার দাম কমানো হয়েছিল। চলতি মাসে দুই দফায় সোনার দাম ৮ হাজার ৭৪৮ টাকা কমেছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটে সোনার প্রতি ভরির দাম ৫ হাজার ২৪৯ টাকা কমে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা হয়েছে। ১৮ ক্যারেটে দাম কমে ৪ হাজার ৪৯০ টাকা, যা এখন ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬১৬ টাকা কমে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
এছাড়া, রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে ২০২৫ সালে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছিল। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষিতে সোনার দাম বাড়েনি, বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স ২২২ ডলার কমেছে।