শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান মিডফিল্ডার লেনার্ট কার্ল

জার্মান মিডফিল্ডার লেনার্ট কার্ল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গুরুতর চোটের কারণে।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান মিডফিল্ডার লেনার্ট কার্ল

জার্মানির ১৮ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল বিশ্বকাপ শুরুর আগেই দলের বাইরে চলে গেছেন। শুক্রবার (৫ জুন) অনুশীলনের সময় পেশিতে গুরুতর চোট পাওয়ার পর এই সিদ্ধান্ত নিতে হয়।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানায়, কার্লের পেশি ছিঁড়ে গেছে এবং ফলে তিনি এবারের বিশ্বকাপে আর খেলতে পারবেন না। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরবি লাইপজিগের ২০ বছর বয়সী মিডফিল্ডার আসান ওয়েদ্রাওগোকে।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় গুরুতর চোট বা অসুস্থতায় আক্রান্ত হলে দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত তার বদলি নেওয়া যায়। জার্মানির প্রথম ম্যাচ ১৪ জুন, যেখানে তাদের মোকাবেলা করতে হবে কুরাসাওয়ের সাথে।

শিকাগোয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে শনিবার প্রস্তুতি ম্যাচের আগে শেষ অনুশীলনে চোট পান কার্ল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ অনুশীলনে লেনি চোট পেয়েছে। এখন আমাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। সত্যি বলতে, পরিস্থিতি খুব একটা ভালো মনে হয়নি।’

কার্লকে এবারের বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে দেখা হচ্ছিল। তিনি বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন্স লিগ গোলদাতা হওয়ার কীর্তি গড়েন।

বিজ্ঞাপন