বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল। রোববার (৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় মোহাম্মদ সালাহ'র নেতৃত্বাধীন মিশরের বিরুদ্ধে খেলবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, গত ১৭ মে করিতিবার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি।
নেইমার ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন, যার কারণে তিনি মিশরের বিরুদ্ধে খেলতে পারবেন না। তবে দলের বাকি ফুটবলাররা শতভাগ ফিট রয়েছেন বলে জানা গেছে।
আনচেলত্তি বলেন, "আমার মনে হয় তার (নেইমার) পরিস্থিতি এখন একদম পরিষ্কার। সে একা একাই দারুণ কাজ করছে। সপ্তাহ শেষে তার একটি এমআরআই স্ক্যান করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে আগামী সপ্তাহে দলের সাথে অনুশীলন করতে পারবে।"
ব্রাজিলের পরিকল্পনা অনুযায়ী, জয় ছাপিয়ে ২২ জন ফুটবলারকে ম্যাচ খেলার সুযোগ দেবার কথা জানিয়েছেন আনচেলত্তি। উল্লেখ্য, এর আগে ব্রাজিল ও মিশরের ৬ বারের দেখায় প্রতিবারই জয়ী হয়েছে সেলেসাওরা। সর্বশেষ ২০১১ সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল।