বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
খেলাধুলা

ইউরোপে ইতিহাস গড়ল বাংলাদেশ, তপুর জোড়া গোলে জয়

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইউরোপে প্রথম জয় পেয়েছে, তপু বর্মণের জোড়া গোলে সান মারিনোকে হারিয়েছে।

ইউরোপে ইতিহাস গড়ল বাংলাদেশ, তপুর জোড়া গোলে জয়

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইউরোপের মাটিতে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছে। সান মারিনোর সেরাফাল্লে স্টেডিয়ামে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ, যিনি জোড়া গোল করে দলকে এই স্মরণীয় জয় এনে দেন। নতুন প্রধান কোচ টমাস ডুলির অধীনেও এটি বাংলাদেশের শুভসূচনা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২১১তম স্থানে থাকা সান মারিনোর বিপক্ষে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিতে গ্যালারি ছিল প্রাণবন্ত।

ম্যাচের ১৯ মিনিটে শেখ মোরসালিনের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ। তবে ৩১ মিনিটে ফিলিপ্পো বেরার্দির পাস থেকে নিকোলাস জাকোপেত্তি গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের।

১-১ সমতায় বিরতির পর দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালায়। ৫৩ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ৬১ মিনিটে লরেঞ্জো কাপিক্কিওনির বিপজ্জনক প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক মিতুল মারমা।

ম্যাচের ৬৪ মিনিটে পরিবর্তন এনে ফাহামিদুল ইসলাম ও বিশ্বনাথ ঘোষকে মাঠে নামান কোচ টমাস ডুলি। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৮৬ মিনিটে হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক থেকে ডি-বক্সে সৃষ্ট জটলার মধ্যে বিশ্বনাথ ঘোষের শটে মাথার ছোঁয়ায় বল জালে জড়িয়ে দেন তপু বর্মণ।

তপুর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত হাজারো প্রবাসী বাংলাদেশির উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে এই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক হয়ে থাকবে।

বিজ্ঞাপন