আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বড় ধরনের ধাক্কা খেল। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের সাথে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশদের।
বৃহস্পতিবার (৪ জুন) স্পেনের লা করুনায় অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের হয়ে বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তরেস দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ইরাকের লেফট-ব্যাক মের্কাস দস্কি সমতা টানেন।
ম্যাচের অষ্টম মিনিটেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। তবে স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়েনার জোরালো শট রুখে দেন ইরাকি গোলরক্ষক আহমেদ বাসিল। ১৬তম মিনিটে ফেরান তরেসের বাঁ পায়ের শটে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
প্রথম ২৫ মিনিটে ইরাক মাত্র ২৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। কিন্তু ২৭তম মিনিটে দুর্দান্ত একটি গোল করে ইরাককে সমতায় ফেরান মের্কাস দস্কি।
বাকি সময়ে শত চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী মঙ্গলবার (৯ জুন) পেরুর মুখোমুখি হবে স্প্যানিশরা। এরপর ১৫ জুন কেপ ভার্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।