আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের আইনি শাস্তি নিশ্চিত করতে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, "প্রকৃতপক্ষে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী চিহ্নিত হয়, তাহলে তারা যেন আইনগত ফাঁকফোকরের মধ্য দিয়ে পার না পায়, সেজন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইনগত পরামর্শ দেবেন।" অ্যাটর্নি জেনারেল আরও জানান, এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও আলাদা তদন্ত করা হচ্ছে। ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়বদ্ধতা কতটুকু ছিল, তা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে বলে তিনি জানান।
তিনি বলেন, "হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সরকারের নির্ধারিত গাইডলাইন মানা হয়েছিল কি না, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।" তদন্ত প্রতিবেদন ছাড়া চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না বলেও উল্লেখ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল জানান, মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়সাল সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে আইনি জটিলতা এড়িয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, "যারা দায়ী হিসেবে প্রমাণিত হবেন, তারা যেন কোনো আইনি সুযোগ নিয়ে পার না পান, সেটি নিশ্চিত করা হবে।" স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একজন আইন কর্মকর্তা কমিটিতে যুক্ত করা হয়েছে, যা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ।
অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।