জাতীয় প্রেসক্লাবে ‘আগ্রসন প্রতিরোধে জিয়া’ শীর্ষক আলোচনা সভায় জামায়াতে ইসলামীকে হাদিয়াবাজি ও ইয়ানতের নামে চাঁদাবাজির অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, "জামায়াত ধর্মের রাজনীতি করে, গুপ্ত–চাঁদাবাজির আশ্রয় নিয়েছে। হাদিয়াবাজি, ইয়ানতের নামে চাঁদাবাজি করছে জামায়াত।" রিজভী অভিযোগ করেন, জামায়াতের এই কার্যক্রম দেশের সাধারণ মানুষের ধর্মভীরু মনোভাবকে ব্যবহার করে চলছে।
রিজভী আরও জানান, বিএনপি ৫ আগস্টের পর চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, "জামায়াত ভেবেছিল এবার ক্ষমতায় চলে আসবে; তাই তারা এ কাজ শুরু করে।"
তিনি উল্লেখ করেন, "এ দেশের মানুষ ধর্মভীরু, তবে জামায়াতের রাজনীতি চায় না। ধর্মের নাম ব্যবহার করে, জান্নাতের টিকেট বিক্রির ভাওতাবাজি করে জামায়াত।"
বিএনপির এই নেতা বলেন, "উদ্দেশ্যমূলকভাবে আমাদের মৃত্তিকা থেকে উৎসারিত সংস্কৃতি ধ্বংস করতে চাইলে, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন সেটা রুখে দেবে।"