রাতের মধ্যে দেশের ১২ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৬ মে) অধিদফতরের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বুধবার রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে চাঁদপুরে ২৪ মিলিমিটার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩, ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ২ মিলিমিটারসহ দেশের বেশকিছু এলাকায় বৃষ্টি হয়েছে।
এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।