সোমবার, ০৪ মে, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে অপহরণ: ৪ ভুক্তভোগী উদ্ধার, ২ গ্রেপ্তার

মোহাম্মদপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে অপহরণ: ৪ ভুক্তভোগী উদ্ধার, ২ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং বেড়িবাঁধ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে গিয়ে একই চক্রের হাতে বন্দি আরও তিন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত চক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- চক্রের মূলহোতা মিজানুর রহমান রিপন ও তার সহযোগী আল ওয়াজেদ ফয়সাল।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩ মে) মোহাম্মদপুরের নবীনগর হাউজিং বেড়িবাঁধ ও আশপাশ এলাকায় পৃথকভাবে এই অপহরণের ঘটনাগুলো ঘটে। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা হলেন সোহেল, সেলিম, সাইফুল ও আলী আহমেদ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, গতকাল (রোববার) সকালে মোহাম্মদপুর থেকে প্রথমে দুইজনকে অপহরণ করা হয়। পরে পর্যায়ক্রমে আরও দুইজনকে তুলে নেওয়া হয়। ভুক্তভোগীদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

তিনি আরও বলেন, অভিযানের এক পর্যায়ে বাড্ডা ও গাজীপুর এলাকা থেকে চারজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একইসঙ্গে চক্রের মূলহোতা মিজানুর রহমান রিপন ও তার সহযোগী আল ওয়াজেদ ফয়সালকে আটক করা হয়েছে।

এ ঘটনার বিষয়ে ভুক্তভোগী আলী আহমেদের ছেলে আলাউদ্দীন ফরিদ জানান, রোববার রাত ১১টার দিকে ডিবি পরিচয়ে ফোন করে তার বাবাকে বাসা থেকে বের হতে বলা হয়। পরে একটি হায়েস গাড়িতে তুলে নিয়ে বসিলা এলাকায় নিয়ে মারধর করা হয়। এরপর তার বাবার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

উদ্ধার হওয়া অন্য ভুক্তভোগীর ভাই শামীম জানান, তার ভাই সেলিমকে ভোরে বেড়িবাঁধ এলাকা দিয়ে মাছ কিনতে গেলে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। পরিবার থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

আরেক ভুক্তভোগী সোহেলকে একই স্থান থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা হয়। তার স্বজনরা জানান, সকালে মাছ কিনতে যাওয়ার পথে তাকে তুলে নেওয়া হয় এবং তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন