ফরিদপুরে ৭ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়।
শুক্রবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ এপ্রিল শিশুটি নিখোঁজ হয়। ৬ দিন পর বাড়ির কাছের একটি কলাবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে সন্দেহভাজন হিসেবে ইসরাফিল নামের একজনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসরাফিল জানায়, চকলেটের লোভ দেখিয়ে পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে শিশুটিকে সে হত্যা করে এবং শিশুটির মরদেহ একটি বাড়ির টয়লেটে ফেলে যায়।
পরবর্তীতে ওই বাড়ির বাসিন্দা নাসিমা শিশুটির মরদেহ দেখতে পেয়ে তা বাড়ির অদূরে কলাবাগানে ফেলে আসে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ইসরাফিলের পাশাপাশি প্রতিবেশি নাসিমা ও তার ছেলে আমিনকে আটক করা হয়েছে।