কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দানকারীদের নাম প্রকাশের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এই নোটিশটি পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, মুফতি আমির হামজা সম্প্রতি বিভিন্ন জনসভায় দাবি করেন যে, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখতে ৩ দিনে তাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেয়া হয়েছিল।
তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা করেন যে, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তার অবস্থান থেকে সরানো যাবে না। তার এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।
নোটিশ প্রদানকারী জানান, গত ২৭ মার্চ তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
আইনি নোটিশে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে, তখন ঘুষদাতাদের পরিচয় গোপন করা সমীচীন নয়।
নোটিশে আরও বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে তুলে দিতে হবে।
এদিকে, মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।