সোমবার, ০৪ মে, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সদরঘাট দুর্ঘটনা: তদন্তে দুটি কমিটি, লঞ্চের রুট পারমিট বাতিল

সদরঘাটে দুর্ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন ও দুটি লঞ্চের রুট পারমিট বাতিলের ঘোষণা।

সদরঘাট দুর্ঘটনা: তদন্তে দুটি কমিটি, লঞ্চের রুট পারমিট বাতিল

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সদরঘাটের দুর্ঘটনার তদন্তে দুটি কমিটি গঠনের পাশাপাশি দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করার তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, গঠিত দুটি কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকালে সদরঘাটে দুটি লঞ্চের চাপায় পড়ে ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম সোহেল, এবং দুর্ঘটনায় তার বাবা মিরাজ হোসেন (৫২) নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন সোহেলের স্ত্রী রুবি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন নৌ প্রতিমন্ত্রী। তিনি জানান, একটি তদন্ত কমিটির প্রধান হিসেবে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু ইসলামকে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম আরেক কমিটির নেতৃত্বে রয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, "আমরা এসব বিষয়ে খুব সিরিয়াস। প্রকৃতপক্ষে যাদের দোষী সাব্যস্ত করা হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেব। কারণ নৌপথে ছোট্ট দুর্ঘটনাও মেনে নেওয়ার সুযোগ নেই।"

আহত নারী অন্তঃসত্ত্বা জানিয়ে তিনি বলেন, “আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সন্তান ভালো আছে; মা আঘাত পেলেও ভালো আছেন। এই নারীর ব্যাপার আমরা খুবই কেয়ারফুল।”

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন