অস্ট্রিয়ার ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এমওই৩’ (MOE3) কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ পুলিশের সংস্কার ও আধুনিকায়নে ব্রিটিশ পুলিশের অভিজ্ঞতার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের কৌশলগত সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা প্রয়োজন।”
মন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান যুক্তরাজ্যের প্রতি। তিনি বলেন, “বর্তমান সরকার দেশে সুশাসন ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।”
গত সপ্তাহে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠকের পর মন্ত্রী নিরাপত্তা সংস্কার, অভিবাসন ব্যবস্থাপনা এবং অপরাধ বিচার খাতে পারস্পরিক সহযোগিতা ত্বরান্বিত করার আহ্বান জানান।
লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার পরিকল্পনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং উল্লিখিত ক্ষেত্রগুলোতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।