স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পলিটিক্যাল গভর্নমেন্টে কিছুটা দলীয় নিয়োগ থাকবে। বুধবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, "বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। যোগ্য লোককে বসানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসিকে বসানো হয়েছে তিনি সব ক্ষেত্রেই ফার্স্ট ক্লাস।"
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, "যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছে জুলাই সনদে সেগুলোর জন্য অবশ্যই বিএনপি কমিটেড। এখনো অনেক সময় আছে জুলাই সনদ দিয়ে উদ্বেগের কিছু নেই।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, "প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে ১ মাসের মধ্যে। যেসব প্রজেক্ট নেওয়া হয়েছে এগুলো যথেষ্ট হোমওয়ার্ক করা হয়েছে, তাই এসব প্রজেক্ট বাস্তবায়নে কোনো ধরনের অর্থনৈতিক সংকট হবে না।"
তিনি চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বলেন, "স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।"