সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১ তম আবর্তনের লোক প্রশাসন বিভাগের নারী শিক্ষার্থী শারমিন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফাহিম আল হাসানকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে মামলায় নিহতের স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। নিহতের চাচা মনিরুল ইসলাম রোববার দিবাগত রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, রবিবার বিকেলে আশুলিয়ার ইসলামনগরের ভাড়া বাসা থেকে মাথায় আঘাতপ্রাপ্ত ও অচেতন অবস্থায় শারমিনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন ফাহিম। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের উপস্থিতিতে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফাহিম আল হাসান দাবি করেন, তিনি বাহির থেকে কাজ শেষ করে বাসায় ফিরে কক্ষের দরজা বাহির থেকে বন্ধ অবস্থায় পান।
পরে তিনি দরজা খুলে কক্ষের ভিতরে প্রবেশ করে মেঝেতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় শারমিনকে দেখতে পান। তবে স্বামীর দাবি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে হেফাজতে নেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, নিহতের চাচা মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।