জাপানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এ তথ্য নিশ্চিত করেছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ অভিযোগ জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘[জরুরি সতর্কতা] উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক মিসাইল (ক্ষেপণাস্ত্র) উৎক্ষেপণ করেছে। বিস্তারিত আসছে…’
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই ঘটনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, উত্তর কোরিয়া প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বাহিনীর বরাতে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার সময় উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূল থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে (জিএমটি ০৪:৩৪) ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব দিকে নিক্ষেপ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ ৮০ কিলোমিটার (৫০ মাইল) উচ্চতায় উঠেছিল এবং প্রায় ৩৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে পড়েছে, যা টোকিওর এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে।
তবে, এসব ক্ষেপণাস্ত্রের কারণে আশেপাশে থাকা কোনো বিমান বা জাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।