যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ানে’ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট তিন ব্যক্তি। শুক্রবার (২৮ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কৌশলগত পরিকল্পনা ও কর্মীদের তথ্য ঝুঁকিতে পড়তে পারে।
সংশ্লিষ্টরা জানান, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মে কারিগরি উন্নয়নের কাজ চলাকালীন অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এর ফলে প্ল্যাটফর্মটির কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। তবে হ্যাকারদের পরিচয় কিংবা তথ্য চুরির ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, তারা নির্দিষ্ট নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা নিয়ে মন্তব্য করতে পারে না, তবে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। ক্লাউড ওয়ানের লক্ষ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তির সব প্রয়োজন এক জায়গায় পূরণ করা।
২০১৭ সালে চালু হওয়া এই প্ল্যাটফর্মে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও গুগলের প্রযুক্তিগত সম্পদ একত্র করা হয়েছে। এটি কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা, সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়।
হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। দুটি সূত্রের মতে, প্ল্যাটফর্মটিতে প্রশাসনিক অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে।
এছাড়া, পূর্বে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর আপডেটের প্রক্রিয়া বন্ধ রয়েছে। কিছু ব্যবহারকারীর ‘অ্যাডমিন অ্যাক্সেস’ বাতিল করা হয়েছে। সূত্র জানায়, হামলাকারীরা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের নিয়ন্ত্রণ স্তরে প্রবেশ করেছে।
এ হামলার খবর সামনে এসেছে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার অনুপ্রবেশের ঘটনা বেড়ে চলেছে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের জন্য এসব ঝুঁকি বিশেষভাবে গুরুতর।
মার্কিন সরকার সম্প্রতি অন্তত ছয়টি সাইবার হামলার ক্ষয়ক্ষতি সামাল দিচ্ছে, যার মধ্যে এফবিআই ও পেন্টাগনের ডেটাবেসে হামলার ঘটনা রয়েছে। ২০২৩ সালে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা দাবি করেছিলেন যে তারা অনুপ্রবেশের প্রচেষ্টাগুলো প্রতিহত করতে শতভাগ সফল।