অস্কারের ৯৯তম আসরে সেরা ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) বিভাগের শীর্ষ ২০ প্রতিযোগীর তালিকায় স্থান পেয়েছে ভারতীয় মহাকাব্যনির্ভর সিনেমা ‘রামায়ণ’।
নিতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাটি হলিউডের বড় বাজেটের সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘দ্য ওডিসি’ ও ‘প্রজেক্ট হেইল মেরি’র সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। অ্যাকাডেমির ভিজ্যুয়াল ইফেক্টস শাখা এই সিনেমার প্রাথমিক তালিকায় স্থান পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দলগুলোকে জানিয়েছে।
তবে, অ্যাকাডেমি এখনও আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ বা নিশ্চিত করেনি। ‘রামায়ণ’-এর ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করেছে ডিএনইজি, যা ‘ডিউন’ ও ‘ইন্টারস্টেলার’-এর মতো সিনেমায় কাজ করেছে এবং এ পর্যন্ত আটটি অস্কার জিতেছে।
তালিকায় আরও রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’, ‘সুপারগার্ল’, ‘স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’, ‘গডজিলা মাইনাস জিরো’, ‘মোয়ানা’ এবং ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। ডিজনির রয়েছে তালিকায় চারটি সিনেমা, সনি পিকচার্সের রয়েছে তিনটি সিনেমা।
এর আগে, এসএস রাজামৌলির ‘আরআরআর’ ৯৫তম অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের শীর্ষ ২০-এ স্থান পেয়েছিল, তবে চূড়ান্ত মনোনয়ন পায়নি। আগামী ৭ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী ধাপের প্রাথমিক ভোটগ্রহণ। ১৫ ডিসেম্বর ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের চূড়ান্ত ১০টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা প্রকাশের কথা রয়েছে।
এরপর জানুয়ারিতে নির্বাচিত সিনেমাগুলোর ভিজ্যুয়াল ইফেক্টস উপস্থাপনা অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত অস্কার মনোনয়ন। আগামী বছরের ১৪ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মূল আয়োজন।