দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, ডিএমপির মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার হিসেবে এবং এসআরইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।