মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্দ্রে ম্যালরোর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ জাদুঘর ও ফরাসি দূতাবাসের যৌথ উদ্যোগে আন্দ্রে ম্যালরোর স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্দ্রে ম্যালরোর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক আন্দ্রে ম্যালরোকে স্মরণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। রোববার (২২ নভেম্বর) তার ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকাস্থ ফরাসি দূতাবাসের যৌথ উদ্যোগে স্মরণানুষ্ঠান ও ‘আন্দ্রে ম্যালরো মেমোরি ওয়াল’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরে দুপুরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও ডা. সারওয়ার আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার।

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ম্যালরো। তিনি বাংলাদেশের মুক্তিসংগ্রামকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই হিসেবে অভিহিত করেছেন। স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে তিনি ফরাসি তরুণদের যুদ্ধের জন্য আহ্বান জানান।

স্বাধীনতার পর ১৯৭৩ সালের ২১ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশে আসেন ম্যালরো। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সফরের পাশাপাশি তিনি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে।

ম্যালরোর সফরের একটি ঘটনা আজও বাংলাদেশের প্রতি তার ভালোবাসার স্মারক। হাসপাতালে এক আহত মুক্তিযোদ্ধা তাকে ফুলের মালা পরাতে চাইলে, তিনি মালাটি নিজের গলা থেকে খুলে ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ ১৯৭৩ সালে মালা পরিয়ে দেওয়া সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিচয় অনুসন্ধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে। ৫৩ বছর পর সেই মুক্তিযোদ্ধা কোথায় আছেন, তা জানার আগ্রহ প্রকাশ করেন আয়োজকরা।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৩ নভেম্বর মৃত্যুবরণ করেন আন্দ্রে ম্যালরো। তার ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় ফরাসি সপ্তাহের আয়োজন করছে ফ্রান্স দূতাবাস।

বিজ্ঞাপন