খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে একটি তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে জেলা সদরের নারানখাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকার মোহাম্মদ আলী (৩২) ও বড় মেরুং এলাকার মো. মোতাক আহমদ (২৫)। খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়।
এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তির সঙ্গে থাকা গোলাপি রঙের একটি শপিং ব্যাগের ভেতর থেকে কালো-ধূসর বর্ণের প্রায় সাত ইঞ্চি লম্বা একটি তক্ষক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে তক্ষকটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে তক্ষকটি জব্দ করে দুজনকে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৮৮(১) ধারায় মামলা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। এসআই মহিদুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি করেন।
খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, তক্ষক পাচারের সঙ্গে একটি চক্র জড়িত। তারা বিভিন্ন স্থানে তক্ষক পাচারের চেষ্টা করে। উদ্ধার করা তক্ষকটি পরে অবমুক্ত করা হয়েছে।