গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের সঙ্গে অন্য প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়।
কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, ফলে ১০ জন আহত হন। সংঘর্ষের সময় পাঁচটি দোকান ভাংচুর করা হয়।
আহতদের মধ্যে মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) এবং জায়েদ শেখ (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মিকাইল ইসলামকে পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, সংঘর্ষের ঘটনা সম্পর্কে তিনি অবগত। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।