প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তার প্রথম পরিদর্শনে যাচ্ছেন।