গতকাল রোববার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ঐতিহাসিক উইলিস টাওয়ারের পাদদেশে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ নামে একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম।
শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, এবং শিকাগো ইলিনয় বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু।
বক্তারা বলেন, এই নামকরণ একটি ঐতিহাসিক ঘটনা এবং বক্তারা প্রধান উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু ও তাঁর টিমের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রশংসা করেন।
শাহ মোজাম্মেল নান্টু জানান, এর আগে ২০১৪ সালে তিনি শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করেছিলেন। বক্তারা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে জাতীয়তাবাদী আদর্শের দুই মহান ব্যক্তির নামে সড়কের নামকরণ একটি অনন্য উদ্যোগ।
১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এই নামকরণের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। উইলিস টাওয়ারের সামনে সড়কের নামকরণের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।