চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই হিসাব করা হয়েছে প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, নভেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার।
এছাড়া, বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার। কেন্দ্রীয় ব্যাংক জানায়, নভেম্বরের এই ২১ দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যা ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার। পরবর্তী অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক, যা ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার প্রবাসী আয় পেয়েছে। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার।