সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং প্রান্তিক জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার (২৩ নভেম্বর) বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে।"

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এ খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মান বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ডসহ নানা উদ্যোগও নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন