আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা।
ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলের মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা মার্ক বাউচার।
একই ক্যাটাগরিতে থেকে দল পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তিনি খেলবেন টিম পাকতিয়ার হয়ে, যেখানে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ।
অন্যদিকে, বাংলাদেশের আরেক প্রতিনিধি শামীম হোসেনকে দলে নিয়েছে কাবুল। এই অলরাউন্ডারের মেন্টর হিসেবে থাকছেন ভারতের সাবেক তারকা নিখিল চোপড়া।
এবারের ড্রাফটে চার ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৩০ ক্রিকেটার। প্লাটিনাম ও ডায়মন্ডে পাঁচজন করে, গোল্ডে ১৩ এবং সিলভার ক্যাটাগরিতে রয়েছেন সাতজন।
ড্রাফটের আরও কয়েকটি ক্যাটাগরির নির্বাচন বাকি রয়েছে। সাকিব, নাহিদ ও শামীমের সঙ্গে আফগান লিগে আরও বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।